লুকোচুরি
উদাস মনে হঠাত ঝিলিক মারে
হারিয়ে যাওয়া অনেক কথার রেশ,
শেষ দিবসের সূর্য কিরণ যেন
আশার আলোয় হয় না তবু শেষ।
হাল ছেড়ে আজ দিক হারিয়ে চলা
দূর সীমানায় হারিয়ে যেতেই যেন,
ছন্দ ছাড়া কাব্য থেকে তবু
ছন্দ খোঁজার ব্যর্থ প্রয়াস কেন?
সুর সে থাকুক সুরের ভূবন জুরে
বেসুরো যা ছিলাম আমিই থাকি,
আলোর মাঝেও দু'চোখ বুঁজে থেকে
আঁধার ভেবেই নাহয় দিলাম ফাঁকি।