Pallab's Site
Md Ashfaqur Rahman Pallab
Home
AboutExpand About
Blog
ServicesExpand Services
Albums
Guestbook
Contact

Shikto Bhalobasha


clock February 21, 2009 17:28 by author Pallab

সিক্ত ভালবাসা 


আমার ভালবাসা সখী পর্বত নয়
যতই আঘাত হানো রইবে অটল,
আমার ভালবাসা সখী পেলব তরল
সুধা সঞ্চিত করে রাখা জলাশয়।

আঘাতের ঢেউ খেলে উপরেই তার
অন্তরে সুশীতল গভীর অতল,
বাহিরে যতোই বয়ে যাক ঝড়-জল
হৃদয়ে অনন্ত প্রেমের জোয়ার।

আমার ভালবাসা সখী বৃষ্টি ধারায়
তিলে তিলে করে তার প্রাণ সঞ্চয়,
ভালবাসা জলাশয় সিক্ত হৃদয়
সীমানা ছাড়িয়ে তার প্রসার বাড়ায়।

মিষ্টি কথার কোন প্রলোভনে নয়,
আমার ভালবাসা সখী চোখের তারায়,
চোখের আড়ালে তা যতোই হারায়
মনের গোপনে রয়ে যায় অক্ষয়।

আমার ভালবাসা সখী তরল আকার
হাতের মুঠোয় তাকে ধরে রাখা দায়,
পাওয়া না পাওয়ার কোন হিসেব খাতায়
খুঁজতে যেয়ো না একে প্রেয়সী আমার।



Jibon Shagor


clock February 21, 2009 17:24 by author Pallab

জীবন সাগর


জীবন নামের অথৈ সাগরে
ভেসে যায় মোর ভেলা,
সময় স্রোতের টানে ছুটে চলি
অজানায় সারা বেলা।
পাল তুলে হাতে হাল ধরি জোরে
বুক কাঁপে থরোথরো,
বেলা শেষ তবু জানি না কুলের
কতো পথ বাকী আরও।
যতদূর দেখি জলরাশি শুধু
ঢেউ খেলে চারিধারে,
ছলোছলো তার সুর জেন আরো
বাড়ায় নীরবতারে।
একেলা ভেলায় ভেসে খুঁজে ফিরি
স্বপ্নের কুলরেখা,
জানি না কোথায় চলা শেষ হবে
ঠিকানার পাবো দেখা।



Roopkotha


clock February 7, 2009 08:01 by author Pallab

রূপকথা


ইচ্ছে আমার ইচ্ছেমতো
কল্পকথার জাল বুঁনে,
মন যেন তার স্বপ্নগুলো
সত্য হবার দিন গুনে।
ভোরের আলো সজীবতার
নতুন রঙে মন রাঙায়,
ভাবনা আমার ভীড়ায় তরী
স্বপ্নলোকের কোন ডাঙ্গায়।
মেঘের ফাঁকে আলোর খেলা
ভাল লাগার নেই মানা,
বন্দী আমি জগতটাতে
মুক্ত তবুও মনখানা।
সুর যা আছে খুঁজে বেড়াই
তাই দিয়ে মোর গান গাঁথা,
আজ জেনো যেই ফুল ফুটেছে
কাল হবে তাই রূপকথা।



Tumi


clock September 17, 2008 09:02 by author Pallab

তুমি 
 

আমি ভাঙ্গা গড়ার মাঝেই দেখি
     ভবের খেলা
          সারা বেলা,
দেখি তোমার প্রকৃতিরই ছন্দে।

দূর আকাশে রাতের কোলে
কাজঁল চোখে দু'চোখ মেলে
চাঁদের আলোয় ভাসো কি আনন্দে?

তুমি এইতো হেসে ভালবেসে
দু'হাত বাড়াও,
আবার দেখি বৃষ্টি ঝরাও
অভিমানের বাঁধ ভাঙ্গা কোন দ্বন্দে?

অনুরাগে কাছে টানো,
আবার যখন আঘাত হানো
সেই আঘাতেও ভাসি প্রেমানন্দে।


আমি তোমার চোখের তারায় দেখি
     সর্বনাশা
         
পাগল নেশা,
দেখি চোখের প্রণয় আমন্ত্রন যে।

ছন্দ তুলে মাতাল সুরে
ঢেউ তুলে যায় কি ঝংকারে
কোন সে নাচে তোমার তনুমন যে?

তুমি এইতো এসে মিষ্টি হেসে
আদর করে -
আবার ছুটে পালাও দূরে
দুলিয়ে আমার রক্তে কি মন্থন যে!

তুমি, শুধুই তুমি এ মন জুরে,
হারাই যে তাই এমন করে
বিভোর হয়ে তোমায় প্রতিক্ষণ যে!



Kobita


clock August 13, 2008 10:22 by author Pallab

কবিতা

কবিতা মোর স্বপ্ন নীরব মনের
হাজার স্মৃতির রঙ দিয়ে তাই আঁকি,
হয়তো খুঁজি আন্মনা এক ক্ষণের
এই আমাকে আমায় দিয়ে ফাঁকি।

সকালের ওই মিষ্টি রোদের হাসি
পাই খুঁজে তায় এই জীবনের মানে,
জগতটাকে যতোই ভালবাসি
রূপ যেন তার আমায় শুধুই টানে।

নদীর জলে কোথায় ভেসে যাওয়া
পাল তুলে এক নৌকা দূরের পটে,
গাছের পাতা দুলিয়ে মৃদু হাওয়া
তার পিছু ধায় মুগ্ধ অকপটে।

আমি বসে নদীর তটে একা
রঙের আচঁড় টানি মনের পাতায়,
যা দেখিনি চোখ বুঁজে তাও দেখা
তার আলাপন ছন্দে ভরি খাতায়।

কবিতা মোর না বলা সব কথা
দুঃখ-সুখের সকল অনুভূতি,
কল্পনারই গল্প দিয়ে গাঁথা
অনাগতা হয়তো কারো প্রতি।