Pallab's Site
Md Ashfaqur Rahman Pallab
Home
AboutExpand About
Blog
Resume
Albums
Guestbook
Contact

Dui Pagoler Prolap


clock May 27, 2008 05:51 by author Pallab
দুই পাগলের প্রলাপ

তিনি ছিলেন এক তালগাছের অধিকারিনী। সারাদিন সেই গাছের মাথায় বসে থাকতেন। এবং সেখান থেকে মাঝে মধ্যে এই অধমের উদ্দেশ্যে কিছু মহত্‌ বানী নিক্ষিপ্ত করতেন। আর এভাবেই অনলাইনে চলতো আমাদের দু'জনার বানী বিনিময়। তার কিছু আপনাদের উদ্দেশ্যে এখানে উত্‌সর্গ করলামঃ  

পাগল কইন্না

নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই
,
যে করিবে কুস্তি
তারে হইতে হইবে হস্তী

......

পাগল কবি

কে ওই শুনালো মোরে কুস্তির ধ্বনি...
চর্মে চর্মে সেই সুর
চুলকালো বহুদূর
,
ওষ্ঠাগত প্রাণ বুঝিলো এমনি
...
কুস্তি লড়ে যে হস্তী বাহিনী

সকালে উঠিয়া আমি প্রার্থনা করি
সারাদিন আমি যেন কুস্তি লড়ি

পিটাইতে বলেন যারে হস্তিনী মোরে
আমি যেন ঠিকমতো পিটাই তাহারে

......

পাগল কইন্না

চল চল চল
কুস্তির মাঠে হাতীর পাল
কুস্তি লইড়া দিমু ফাল
হাতে সবার গাছের ডাল
চলরে চলরে চল
...

......

পাগল কবি

যতোই তুমি লাফাও না কেন
কুস্তি লড়ায় ঝাপাও না কেন
মট্ করে আর যতোই ভাঙ্গো ঠ্যাং
,
তারচে বরং এখন থেকে
তোমার হবু জামাইটাকে
কথায় কথায় মারবে না আর ল্যাঙ

ওই বেচারা কেঁদেকেটে
অনেকটা দূর লেংচে হেটে
আমার কাছে নালিশ দিলো এসে
,
মনের মাঝে প্রেম যা ছিলো
সব নাকি তার বিফল গেলো
তোমার সাথে কুস্তি লড়ায় ফেঁসে

......

পাগল কইন্না

এমন ডাঁহা মিছা কথা
হবে তোমার মুখে ব্যাথা
আমার জামাই অনেক ভাল
করেনা সে মুখটা কালো

আমিও মোটেই মারিনা তারে
সে ভালা পায় আমারে

আমারে ভীষনই ভালবাসে
দেখলে আমায় শুধুই হাসে...

আর আমি বেশ নিরীহ মেয়ে
চোখ দিয়া দেখ চেয়ে
...

......

পাগল কবি

কাব্য ছড়া লিখতে হলে
ছন্দ সাজাও মিথ্যে বলে
এইতো নিয়ম কাব্য লেখার জানি
,
তাইতো তুমি নিজেও দেখি
কাব্য লেখায় হায়রে এ কি
!
জামাই নিয়ে করছো টানাটানি

আরে বাবা জামাই বাপু
যতোই না হোক বিশালবপু
স্ত্রী বলেন স্লিম যে তিনি ভারী
,
এমনি করে মিথ্যে বলে
কাব্য গেঁথে সুখের ছলে
স্ত্রী ঢাকেন মনের আহাজারী

কি আর করা তুমিও তবে
প্রশংসা তার চালাও সবে
দোষটা ঢেকে নিভৃত আড়ালে
,
জীবনটা এক জোয়ার ভাটা
তোমার হাতেও থাকবে ঝাঁটা
মিষ্টি কথার ভাবখানা ফুরালে

......

পাগল কইন্না

মিথ্যা নিয়া গবেষনা???
ফাগল অতো বেশী ভাইবো না
...
হাতে না থাকলে ঝাঁটা
জামাইয়ের পায়ে বিঁধবে কাঁটা

তুমি এতো চিন্তিত কেন্
?
আর ইউ ভীতু ম্যান
?
কাব্য আমি লিখতে পারি
পারিনা দিতে ঝাঁটার বাড়ি

আমার জামাই-র নাই তো ভুড়ি,
কারণ তার ঐ দৌড়াদৌড়ি

লম্বায় সে তালগাছ
পছন্দ করে খাইতে মাছ...

তোমার কি কি প্রিয় বলো
ইয়াহু-তে নাই, কি হলো
?

......

পাগল কবি

ইয়াহু-তে কেমনে বলো থাকি?
মেইল করি চেক অফিস দিয়ে ফাঁকি

পরলে ধরা খবর আছে জেনো
,
তাইতো আমি চ্যাটিংয়ে নাই কোন

মাঝে মধ্যে চান্সটা পেলে তাই
মেইলটা শুধু চেক করে যে যাই

তারই মাঝে একটু আরও বেশি
ফাঁকি দিয়ে ছন্দে লেখা কঁষি

কিন্তু তোমার ব্যাপারখানা দেখি
সারাক্ষনই অনলাইনে, সে কি
!
দিনরাত নাই চ্যাটিং করে চলো
ভাবি দেশের আজ এ কি হাল হলো
!
ছেলে মেয়ে আজ ইঁচড়ে পাঁকা
এই বয়সেই প্রেম করে দেয় ছেঁকা

ভাল হতে খরচ তো নাই কোন
থাকতে সময় শুধরাও এখনো

......

পাগল কইন্না

সকালেতে থাকলে পরে ক্লাশ
দৌড় দিতে হয় পানি খেয়ে এক গ্লাস

দুপুর বেলায় ফিরলে পরে বাসায়
নেট-এ আসার সুযোগ আমি পাই

এই হলো রুটিন নিত্যদিনের
তুমি কিনা দোষ দিলা চ্যাটিংয়ের
?
সারাক্ষনই অনলাইনে যদি থাকি
বাসায় আমায় আস্ত রাখবে নাকি?

আসি আমি সব কাজটাজ সেরে
হিংসা করছো বুঝলাম এইবারে...

আমি অনেক লক্ষী আর ভাল
মনটা আমার নয় মোটেই প্যাঁচালো

ফাঁকি তো সেই তুমি মারো দেখি
অফিস ফেলে অনলাইনে দাও উঁকি

বলছি শুনো সময় এখনো আছে
ভাল হও, সময় পালায় পাছে

......

পাগল কবি

তোমার ডেইলী রুটিন দেখে
পাচ্ছে আমার হাসি
,
এতোকিছুর মাঝেও চালাও
ভাল বাসাবাসি

আমি তো আর অফিস ছেড়ে
চ্যাটিংয়ে নাই কোন
,
মাঝে মাঝে মেইল করা চেক
ফাঁকি না কখনো

ঘরের থেকে অফিস ফাঁকি
এমন কি আর বড়
,
তুমি তো ঘর ফাঁকি দিয়ে
ইটিশ পিটিশ করো

তারচে বলি সময় আছে
বাদ দাও এই সবই
,
প্রেমের চেয়ে বাপ-মা বড়
বলেন পাগল কবি

......

পাগল কইন্না

পাগল কবি অফিস বসে
কাব্য লিখে যায়
,
তার উপদেশ শুনে আমার
ভীষন কবিতা পায়

ইটিশ পিটিশ করছি আমি
সবাইকে জানিয়ে
,
খারাপ যদি করতাম কিছু
মারতো পিটিয়ে

আমার ডেইলী রুটিনেতে
অনেক টানাটানি
,
বাসে করে অনেকটা পথ
অনেক হয়রানী

কই তুমি মুখ বাঁকাবে
আমার জন্যে আফসোসে
,
তুমি কিনা তা না করে
হাসছো বসে বসে

আমি এসে এখন নেট-
পেলাম কবির কাব্য
,
কিন্তু আমি এখন কি এই
মেইল পাওয়া নিয়ে ভাববো
?
পাগলটা যে হাসবে বসে
চ্যাটিং তাহার চলছে
,
দেশের হবে কি যে এবার
মনে মনে তাই বলছে

......

পাগল কবি

উপহাসে কাব্য যদি লেখো,
হাজার আরো উপদেশেই
ভাসবে তুমি দেখো

কাব্য লেখা বেশ তো তোমার আসে
,
ছন্দে ছড়ায় সাজাও কথা
তরল পরিহাসে

যাও চালিয়ে এমনি করে লেখা
,
তাই বলে ফের বাদ দিও না
তোমার পড়ালেখা

একসাথেই চলতে থাকুক সবই
,
ইটিশ পিটিশ সেটাও নাহয়
থাকলো তোমার হবি

একদিন ঠিক হবে তোমার জানি
-
পাগলী কবির খেতাব সহ
কতো না সম্মানী

......

পাগল কইন্যা

এই যে শুনেন
মাঝখানেতে ছিলাম না দুই ঘন্টা
বইয়ের মাঝে ছিলো যে এই মনটা

দু'দিন পরে শুরু হবে এক্সাম
,
এই ভেবে মাথায় চলছে বেশ জ্যাম

ফাঁকি দিলে করবো আমি ফেইল
,
আর খোঁটা দিয়ে আপনি লেখবেন মেইল

উপহাস না হাসতে আমি ভালবাসি,
কথায় কথায় পায় যে শুধুই হাসি

উপদেশ আর উপহাসের মাঝে হাসি দিয়ে
সব কিছু বেখেয়ালে যাই আমি এড়িয়ে

করছেন কি অফিস বসে
ধূমপান কি চলে
?
সহ্য হয় না ধোঁয়া আমার
নাকটা শুধুই জ্বলে

আজকে রাতের মেনুতে আছে
ডালের ভর্তা আর করলা ভাজি
মেনু শুনে আমায় আবার বলবেন না
মেয়েটা কি পাজি!!!

এবার তবে যাই
কাব্য পেয়ে কালকে দিবো আবার রিপ্লাই

......

পাগল কবি

কাব্য লেখায় দেরি হলো
একখানা দিন, সরি
,
তোমার লেখা পড়ে দিলাম
হেসেই গড়াগড়ি

এক্সামটা সামনে যদি
বন্ধ করো পড়া
,
তারচে বরং মনের সুখে
লিখতে পারো ছড়া

এই সময়ে পড়লে মাথা
জ্যাম হবে যে আরও
,
সারা বছর যা পড়েছো
তাই লিখো যা পারো

আমার সদাই প্রবলেম হয়
এক্সামেতে এসে
,
যখন আমি যা পড়েছি
মাথায় বেড়ায় ভেসে

কোনটা ছেড়ে কোনটা লেখি
পাইনা ভেবে কুল
,
এক্সাম ঠিক পাস হয়ে যাই
যতোই লেখি ভুল

ধোঁয়ার জালে আমারো পায়
ভীষন হাঁচি-কাশি
,
তাইতো আমি ধুমপানহীন
থাকি বার মাসই

ফুসফুসেতে ভরলে ধোঁয়া
লাভ কোন নেই তাতে
,
তাও দেখি ঠিক অনেক ছাগল
বেড়ায় বিড়ি হাতে

ভাবে এতেই পুরুষ পুরুষ
ভাবটা বাড়ে বেশি
,
ছাগলগুলোর কান্ড দেখে
মুচকি আমি হাসি

নিজের পায়ে কুড়াল মেরে
ভাবছে তারা সুখে
,
এমনি করেই চামে তারা
যাবে বিড়ি ফুঁকে

যাকগে বরং থাক সে কথা
বলে কি আর হবে
,
সময় আসুক তখন ঠেলা
বুঝবে ঠিকই সবে

মেনুর কথা বলে আমার
আনলে জিভে পানি
,
চাখতে আমার সখ হলো খুব
ডালের ভর্তাখানি

তার মাঝে দাও একটু যদি
সরষে তেলের ছোঁয়া
,
অল্পক্ষণেই দেখবে তোমার
ভর্তা সবই হাওয়া

বাসায় গিয়ে আজ আমারো
ভর্তা করার আশা
,
নিজের হাতে রান্না করাই
আমার যে ভরসা

......

পাগল কইন্না

ছড়া আমি না পেয়ে আজ
ভাবছিলাম কি হা হা
,
ছন্দ বুঝি পাননি খুঁজে
কি দুঃখ আহা
!
কথা বলার মাঝখানেতে
নেট হয়ে গেলো হাওয়া
,
কি আর করা বিরস মুখে
পিসি থেকে উঠে যাওয়া

এখন এসে পেলাম আপনার
বেশ কিছু অফলাইন
,
তারপরেতে পেলাম আবার
ছড়ার অনেক লাইন

ধুমপানের গন্ধ আমার
বড্ড খারাপ লাগে
,
কেন জানি মানুষের এই
ধোঁয়ার নেশা জাগে
!
আপনি যে নন তাদের দলে
খুশি হলাম বেশ
,
আসুন এবার আপনাকে দেই
ধন্যবাদ অশেষ

আমার পড়ার ধরনটা
বেশ আজীব রকম
,
টেবিলে বসে পড়তে আমার
ভাল লাগে কম

পড়ি আমি বিছানায় বসে
বই খাতা সব ছড়িয়ে
,
কখনো বসে কখনো শুয়ে
পড়ায় যাই হারিয়ে

খুব বেশি পড়ি না আমি
করিও না মুখস্ত
,
অল্প পড়েই যা লেখি
টিচার হয় সন্তুষ্ট

যাকগে এবার ভর্তার কথায় আসি,
ভর্তা খেতে আমি খুবই ভালবাসি

আলু ডাল বেগুন কিংবা
মিষ্টি কুমড়ার সাথে
-
পেঁয়াজ মরিচ সরষের তেল
খেতে লাগে জোস ভাতে

আপনার কষ্টে আমি
খুবই হলাম সমব্যাথী
,
করার নেই কিছুই আর
দেয়া ছাড়া সিমপ্যাথী

আমি যাবো একটু পরে
লাইট অফ করে শুনবো গান
,
ভাল থাকবেন ফাগল কবি
যেইভাবে থাকতে চান

......

পাগল কবি

তোমার লেখা পেয়ে মনে
জাগলো খুশির রেশ
,
মানতেই হয় ছড়া লেখায়
দক্ষ তুমি বেশ

আমি যেমন পাগল কবি
পাগলি তুমিও তবে
,
ছড়া লেখায় উন্নতি যে
তোমার হবেই হবে

ছড়া লেখার পাগলামিটা
পাগলামি নয় মোটে
,
এই ধরনের পাগল যেন
সবখানেতেই জোটে

তাইতো তোমার পাগলামিটা
নিত্য যেন বাড়ে
,
এই কামনাই করছি আমি
আজকে বারে বারে

 

বিশেষ নোটঃ পাগল কইন্না হচ্ছেন আমার সেই নেট ফ্রেন্ড, যার সাথে ইমেইলে কবিতায় কবিতায় লেখালেখি চলতো। আর ইন্টারনেটে যে আমি নিজেই পাগল কবি হিসাবে পরিচিত সেকথা তো বলাই বাহুল্য। Cool 

Currently rated 5.0 by 1 people

  • Currently 5/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5


Biddyut Bisleshon


clock October 30, 2007 07:01 by author Pallab

বিদ্যুত বিশ্লেষণ

তখন আমি ক্লাস ফোর কি ফাইভে অধ্যায়নরত বিশিষ্ট বিজ্ঞানীমনোভাবাপন্ন এক ব্যক্তিত্ব। যদিও আমার গবেষনার বেশিরভাগই ছিলো জলীয় উপাদান। গবেষনার স্বার্থেই তাই দিনের বেশিরভাগ সময় পুকুর-নালায় ডুবাডুবি এবং মাছ ধরা নিয়া ব্যস্ত সময় কাটাইতে হইত। মৎস্যকূলের মনঃস্তাত্ত্বিক বিন্যাস হইতে লইয়া তাহাদের কোন প্রজাতিকে কিভাবে খালি হাতে, বরশি দিয়া কিংবা গামছা প্রয়োগে পাকড়াও করিতে হইবে, এই সকল বহুবিধ বিষয়েই আমার গবেষনার ক্ষেত্র বিস্তৃত ছিল। তবে আমার এই জলজ গবেষনা এবং এলাকার অন্যান্য আদমসন্তানদের আমার গবেষনামূলক প্রতিভার প্রতি সম্মান, কোনকিছুরই তোয়াক্কা না করিয়া আমার মহান মাতৃদেবী মাঝে মধ্যেই প্রকাশ্য দিবালোকে জনাসম্মুখে পুকুর হইতে তুলিয়া আমাকে কানে ধরিয়া হিড়হিড় করিয়া টানিয়া বাসায় ফেরত লইয়া যাইতেন।

সেই সময় মুন্সীগঞ্জ শহরে গ্যাসীয় ব্যবস্থাপনা তেমন একটা ছিল না বিধায় প্রায় সকলের বাসাতেই কেরোসিনের স্টোভ কিংবা ইলেক্ট্রিক হিটার ব্যবহারে রন্ধন প্রক্রিয়া সম্পন্ন করিতে হইত। আমাদের বাসাতেও তাই সিলিন্ডার গ্যাসের পাশাপাশি স্টোভ এবং ইলেক্ট্রিক হিটার, দুইখানাই বহাল তবিয়তে বিদ্যমান ছিল। আমার গবেষনার বড় একটা অংশ তৎকালীন সময়ে রান্নাঘরেও কাটিত বটে। স্টোভ এবং হিটার হইতে লইয়া তরকারীর কাঁটাকাটি উচ্ছিষ্ট, কোন কিছুই আমাকে কম আকৃষ্ট করিত না।

কথায় আছে "ভর দুক্কুর বেলা, ভূতে মারে ঢেলা"। তো সেইদিন নিঝুম দুপুরে আমার মাথাতেও যেন ভূতের ঢেলাই পড়িল একখানা। বেশি কিছুদিন যাবতই হিটার লইয়া একখানা চিন্তা মাথায় ঘুরিতেছিল। হিটারে তো বিদ্যুত রূপান্তরিত হইয়া তাপে পরিণত হয়। যেই তাপে কিনা রান্নাবান্না সমাধা হইয়া থাকে। কিন্তু তাপে রূপান্তরিত হইবার পরেও কি সেইখানে বিদ্যুত বলিয়া কিছু অবশিষ্ট থাকে? মানে হিটারে হাত দিলে তো হাত পুড়িবেই, জানা কথা। কিন্তু সেইসাথে ইলেক্ট্রিক শকও খাইব কিনা উহাই ছিল আমার গবেষনার মূল প্রতিপাদ্য বিষয়। এবং তাহা প্রমানের পদ্ধতিও একখানাই জানিতাম, যাহাকে বলে হাতেকলমে পরীক্ষণ। কয়দিন ধরিয়াই তাই ভাবিতেছিলাম যে হিটারে হাত দিয়া তাহা পরীক্ষা করিয়া লইব কিনা। কিন্তু কোনমতেই সাহসে কুলাইতেছিল না। তো সেইদিন ঠিক করিলাম যাহা হয় হইবে, কিন্তু আজ আমি দেখিয়াই ছাড়িব কি হয়। যেই ভাবা সেই কাজ। মনে মনে নিজেকে বোকা বলিয়া গালমন্দ করিতে করিতেই রান্নাঘরে গিয়া হাজির হইলাম। "আরে বেকুব, তুই জানিসই যে আগুনে হাত দিলে হাত পুড়িবেই, তাহার পরেও উল্লুকের মত হাত দিতে চাইতেছিস?! তোর কি আর এই জীবনে আক্কেল বলিয়া কোন পদার্থ মস্তিষ্কে গজাইবে না?" নিজেকে এহেন গালমন্দ করিতে করিতেই হিটারের সুইচ অন করিলাম। এবং হিটারের লোহিত বর্ণের কয়েল দেখিতে দেখিতেই সম্মোহিত হইয়া একসময় যা হয় হইবে ভাবিয়া কয়েলে হাত দিয়া বসিলাম। ব্যস, এর পরে আমার যতটুকু স্বরণে আসে আমার পুরা দেহ উড়িয়া গিয়া পিছনের দেয়ালে প্রচন্ডভাবে ধাক্কা খাইল। এবং ঐখানেই বেশ কয়েক মিনিট আমি অবশ হইয়া পড়িয়া থাকিলাম। এক সময় ধীরে ধীরে হুশ ফিরিল। বুঝিলাম যে এহেন মারাত্মক শক আমি পূর্বে আর কখনও খাই নাই। হাত তুলিয়া দেখি যে আঙ্গুলেরও কিছুটা অংশ ভালমতই পুড়িয়া গিয়াছে। পুরা মাথাই ফাঁকা ফাঁকা লাগিতেছিল, কিন্তু বুকটা ভারী ভারী বোধ হইতেছিল। এমন একখানা কান্ড ঘটাইয়া বসিলাম, ইহা এখন কাউকে না বলিতে পারিলে যেন বুকের ভার হালকা হইবে না।

অতএব বিক্ষিপ্ত পদচারণায় বেডরুমে গিয়া হাজির হইলাম। এবং ঠেলিয়া গুঁতাইয়া আমার মাতৃদেবীর নিদ্রাভঙ্গের প্রয়াস পাইতে লাগিলাম। অবাধ্য নাবালক সন্তানকে এহেন অভদ্রের ন্যায় দুপুরের সুখনিদ্রা ভঙ্গের কারন হিসাবে আবিস্কার করিয়া মাতৃদেবী নাতিশয় বিরক্তির সহিত চক্ষু তুলিয়া তাকাইলেন, এবং জানিতে চাহিলেন এই অশোভন কান্ডের হেতু কি। আমিও হড়বড় করিয়া আমার সুমহান কৃতকর্মের বৃত্তান্তকরতঃ ফলাফলস্বরূপ আমার পোড়া হাত প্রদর্শন করিলাম। "বোকা ছেলে কোথাকার! যাও, গিয়া ওষুধ লাগাও হাতে" বলিয়া মাতৃদেবী চরম বিরক্তির সহিত মাথা নাড়াইয়া অন্যদিকে কাত হইয়া আবার নিদ্রাদেবীর আরাধনায় নিমগ্ন হইলেন। আর আমি পাশের রুমে গিয়া দুই গালে হাত রাখিয়া খাটের উপর উপবিষ্ট হইয়া ফ্যালফ্যালে দুই চোখ শূন্যে নিবিষ্ট করিয়া জগত এবং জীবন লইয়া নানাবিধ আধ্যাতিক ভাবনা ভাবিতে লাগিলাম।

Currently rated 5.0 by 1 people

  • Currently 5/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5


Gorugombhir Itikotha


clock October 25, 2007 13:28 by author Pallab

Gorugombhir Itikotha

গরুগম্ভীর ইতিকথা

"ভাই, এবার আপনি গরু, নাকি ছাগল?" প্রতি বছরই কোরবানীর সময় এলে এই ধরনের রসালো কথাবার্তা আমাদের প্রত্যেককেই কমবেশি শুনতে হয়। শুধু কোরবানীই না, আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রেও গরুর ভূমিকা অপরিসীম। গৃহপালিত কোন একটি প্রাণীর নাম বলতে গেলেই সবার আগে শিং বাগানো লেজ দুলানো মনোরম যেই প্রাণীটির কথা আমাদের মনে দোলা দিয়ে যায়, তা নিঃসন্দেহে এই গরু বেচারাই বটে। গরু দিয়ে হালচাষ তো বটেই, গরুর মাংস-চামড়া থেকে নিয়ে গোবর পর্যন্ত আমরা কতোই না কাজে লাগাই।

আর এ জন্যেই সেই ছোটবেলা থেকেই কেন জানি গরুর সাথে আমার একটা বেশ আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিলো। আমাকে দেখলেই গরুরা বেশ উদ্বেলিত হয়ে উঠতো, এবং নিজস্ব পদ্ধতিতে শিং বাগিয়ে ভাবের আদান-প্রদান করতে চাইতো। আশেপাশে গরু দেখলেই তাই আমার পঞ্চ ইন্দ্রিয় পুরো সজাগ হয়ে যেতো, এবং বিগলিত গরুর হাতে বিড়ম্বিত হওয়া থেকে বরং মানে মানে এলাকা থেকে কেটে পড়ার পায়তারা কষাই বুদ্ধিমানের কাজ বলে বিবেচনা করতাম।

ঘটনা বরং শুরু থেকেই একটু খোলাসা করি।

আমার বয়স তখন পাঁচের আশেপাশে। সবেমাত্র আবিস্কার করেছি যে ম্যাচের বক্সে এঁটেল মাটি ভরে সাইজ করে রোদে শুকিয়ে আগুনে পোড়ালে ছোট ছোট বেশ সুন্দর ইট তৈরী হয়। অতএব আমরা তিন ভাই এবং আরও কয়েকজন বিশ্বস্ত বন্ধুসহ পুরোদমে শুরু করে দিলাম আমাদের ইটভাটা প্রকল্প। যদিও আমার ছোট ভাইটা তখন অতিমাত্রায় ছোট ছিলো এসব মহান পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশগ্রহনের জন্যে, তবে আমাদের আশেপাশে থেকে বিভিন্নভাবে নর্তনকূর্দনের মাধ্যমে কাজে উৎসাহ দেয়ার প্রচেষ্টায় তার আন্তরিকতার কোন ঘাটতি ছিলো না। এবং এভাবেই মহা উদ্দমে চলতে লাগলো আমাদের ইট উৎপাদন। শুধু ইট তৈরী করেই ক্ষান্ত দিলাম না, সেই ইটের সাথে কাদামাটির সিমেন্টের প্রলেপে তৈরী হলো প্রায় কোমর সমান উঁচু দূর্গসদৃশ এক বিল্ডিং। সেই দূর্গে ছিলো নানারকম অত্যাধুনিক কারুকাজ। ছাদের উপরের এক খুপরী দিয়ে বালু ঢেলে দিলে তা আরও কয়েক খুপরী পার হয়ে ঝর্ণার মতো দূর্গের নিচর অংশ দিয়ে বের হয়ে আসতো। ছিলো আমাদের প্রত্যেকের মূল্যবান ধনরত্ন সংরক্ষণের জন্যে আলাদা আলাদা গোপন কুঠুরী। হিরে-পান্নার চেয়েও দামী আমাদের মার্বেলগুলোকে দূর্গের একেক ফোঁকরের মধ্যে ছেড়ে দিলে সেগুলো বিভিন্ন সুরঙ্গ অতিক্রম শেষে যার যার কুঠুরীতে গিয়ে জমা হতো। সেই কুঠুরীগুলোও আবার এমনই সুরক্ষিত যে এর থেকে ধনরত্ন বের করার জন্য অন্য আর কোনরকম ফাঁকফোকরই ছিলো না। একবার এর মাঝে মার্বেল ফেলা হয়েছে তো চোর দূরে থাক, মার্বেলের মালিকেরও সাধ্য ছিলো না দূর্গ আস্ত রেখে সেখান থেকে মার্বেলগুলো বের করে নিয়ে যাওয়ার। কিন্তু তাতে কি? গুপ্তধন নিরাপদে আছে এটাই তো সবচেয়ে বড় আনন্দের ব্যপার তার মালিকের কাছে।

এই দূর্গের পুরো নীলনকশাই ছিলো আমার বড় ভাইয়ের উর্বর মস্তিষ্ক নিঃসরিত, এবং তৈরীতেও মূল ভূমিকা ছিলো সেই সুমহান নায়কেরই। এবং অনেক অনেক দিন পরে একসময় আমরা এটাও আবিস্কারে সক্ষম হয়েছিলাম যে আমাদের প্রত্যেকের গোপন কুঠুরী থেকেই আরও গোপনে মার্বেল বের করে নেয়ার গোপন ব্যবস্থাও সে আমাদের অজান্তে এর মধ্যে করে রেখেছিলো।

যাই হোক, আমরা আমাদের গরু প্রসঙ্গ থেকে গড়াগড়ি করে ইতিমধ্যেই অনেকটা দূরে সরে এসেছি। এ যেন অনেকটা গরুর রচনা লিখতে গিয়ে গরু কোথায় ঘাস খায় সেই মাঠেরই গুনগান গাইতে থাকা। অতএব চলুন আমরা আবার লাইনে ফিরে আসি।

আমাদের ইটভাটায় ইট তৈরীর জন্যে কাঁচামাল হচ্ছে আঠালো এঁটেল মাটি। তাও আবার যেই সেই জায়গার মাটি হলেই হবে না। অনেক চড়াই উতরাই পার হয়ে বিচক্ষণ বড় ভাইয়ের নির্দেশ করা এক বিশেষ দূর্গম এলাকা থেকে সেই মাটি আনতে হতো। বাসার পিছনে রাস্তা দিয়ে কিছুদূর গেলে মাঠ, তার ওপাশে নিচু ধানক্ষেত, সেখানে জমে থাকা বোটঁকা গন্ধময় পানির মাঝখানে আইল দিয়ে সাবধানে ওপারে গেলে তবেই আমাদের মাটি কাটার জায়গা। তার ওপাশে বিশাল ফাঁকা মাঠ, আমার টেরিটরির বাইরের এলাকা।

তো সেদিনও আমি ডালিম নামের এক চালাক মস্তিষ্ককে সহকারী হিসাবে সাথে নিয়ে গেলাম মাটি সংগ্রহে। প্রখর রৌদ্রজ্জল ভরদুপুরের নিশ্চুপ শান্ত পরিবেশ। গাছের পাখিগুলোও পর্যন্ত খরতাপে বিরক্ত হয়ে ঝিমাচ্ছে। আশেপাশে কোথাও কেউ নেই। না, ভুল বললাম। বেশ কিছুটা দূরে ছোট ছোট শিংওয়ালা তাগড়াই কাল একটা ষাড় বেশ ভদ্রভাবেই ঘাস খেয়ে যাচ্ছিলো। অতএব এমন শান্তিময় পরিবেশে আমরা বেশ মনের সুখেই মাটি সংগ্রহে মগ্ন হয়ে গেলাম। এবং একসময় মাটির দায়িত্ব ডালিমের হাতে দিয়ে আমি আরেকটু সামনে মাঠের ঘাসফুলের উপর ঘুরে বেড়ানো ছোট ছোট রঙ্গীন প্রজাপতিগুলো ধরার চেষ্টায় ব্যস্ত হয়ে গেলাম। মনে অদ্ভুত এক প্রশান্তি।

কিন্তু এমন সময় বেরসিকের মতো পিছন থেকে ডালিম ফাউ কান্না শুরু করে দিলো। পিছে তাকিয়ে দেখি সে মাঠের ঢালে গড়াগড়ি করে কান্নাকাটি করছে আর বলছে যে কে নাকি তাকে মারে। কান্নার জন্যে কথা তেমন একটা স্পষ্ট নয়। অবাক কান্ড! আশেপাশে তো মারার মতো কেউই নেই, শুধু ২০-৩০ হাত দূরের ঐ গরুটা ছাড়া! আর আমরা নাহয় মহৎ একটা পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটু মাটি চুরি করলামই, সেইজন্যে আমাদের মারতে হবে? নির্ঘাত সবই এই ছেলের নেকামী। ক'দিন আগেও এমন হয়েছে। মাঠে খেলতে খেলতে হঠাৎ কান্না। কি হয়েছে? না, তার পায়ের নিচে নিরীহ একটা মৌমাছি কিভাবে যেন পড়ে গিয়েছিলো। তো নিরীহ হলে কি তার বাঁচার অধিকার নেই? সেই অধিকার রক্ষার্থেই সে মরার আগে ছোট্ট একটা হুল ফুটিয়েছিল তার পায়ে। এ নিয়ে যে এত্তো কান্নার কি আছে সেটাই আমি বুঝি না! আরে, মৌমাছি ধরতে গিয়ে সেই বয়সেই আমি নিজেও কি কম হুল খেয়েছি নাকি? এমনও তো হয়েছে যে মৌমাছি কামড় দেয়, নাকি হুল ফুটায় সেটা বুঝার জন্যে মৌমাছি মেরে তার হুল নিয়ে নিজেই নিজের হাতে ফুটিয়ে দেখেছি হাত ফুলে কিনা। এমনও ধারনা ছিলো যে একবার হুল ফুটালে সেই হুলে আর বিষ থাকে না, ফলে পরবর্তীতে একি হুল আবারো ফুটালে কোন কিছুই হয় না। যদিও বাস্তবে পরীক্ষা করতে গিয়ে দেখেছি যে একই হুল যতো বার হাতে ফুটাই ততোবারই হাত ফুলে যায়, ব্যথা করে।

যাক, আমি তাই ডালিমকে একটা ধমক দিয়ে কান্না থামিয়ে মাটি তুলতে বলে আবার নিজের কাজে মগ্ন হলাম। কিন্তু এই নাচ্ছাড় ছেলে যেন কিছুতেই আমাকে শান্তিতে থাকতে দেবে না বলে ঠিক করেছে। একটু আগেই ধমক খেয়ে উঠে দাড়িয়েছিলো, এবার ফিরে তাকিয়ে দেখি আমার কাছেই এসে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। চোখমুখ প্রচন্ড লাল হয়ে আছে, আর কোনমতে বলার চেষ্টা করছে যে গরু নাকি তাকে গুতায়। অবাক হয়ে গরুর দিকে তাকালাম! সে তো আমাদের থেকে অনেক অনেক দূরে উল্টোদিকে দৌড়ে যাচ্ছে। কি দীপ্ত কি তেজীই না তার সেই দৌড়ের ভঙ্গি! কিন্তু আমার মুগ্ধ চোখের সামনেই একসময় গরু থেমে ঘুরে দাড়ালো। তারপর মাথা নিচু করে খুর দিয়ে কিছুক্ষন মাটি ঠুকে চার্জ করে ছুটে এলো আমাদের দিকে। এবং হঠাতই যেন দিব্যজ্ঞানের মতো টের পেলাম যে গরু দূরে থাকলেও কিভাবে ডালিম তার গুতা খেয়ে মাটিতে গড়াগড়ি যায়। এবার প্রচন্ড আতংকে ডালিমকে দৌড়াতে বলে আমি নিজেও উল্টোদিকে ছুট লাগালাম। এবং দৌড়াতে দৌড়াতেই পিছনে তাকিয়ে দেখলাম কিভাবে গরুর গুতায় ডালিম মাটিতে ডিগবাজি খেলো। প্রতিবার চার্জ শেষে গরু উল্টোদিকে কিছুদূর দৌড়ে নতুন প্রস্ততি নিয়ে আবার ফিরে আসে, আর প্রতিবার গরু উল্টোদিকে ঘুরলেই আমি দৌড়ে গিয়ে ডালিমকে তুলে আবারও ছুট লাগাই। এবং এভাবেই একসময় এহেন মূর্তিমান আতঙ্ক থেকে কিভাবে যেন নিরাপদ দুরত্বে চলে আসতে পারলাম। কিন্তু নিজেকে আবিস্কার করলাম আমার চেনাজানা টেরিটরির বাইরে পুরো অপরিচিত এক এলাকায়। তারপরে কিছুক্ষণ ডালিমের ব্যথার কান্না, আর কিছুক্ষণ "আমরা আর কখনো বাসায় ফিরতে পারবো না"-র কান্না সামলে কিভাবে পথ চিনে বাসায় ফিরলাম, সেটাও অনেকটা যেন স্বপ্নেরই মতো ছিলো।

অতএব এর পরে যদি কখনও আশেপাশে আমি গরু দেখি, এবং তার মুখে নিরাপদ বন্ধুসুলভ সদ্ভাবাপন্ন হাসি দেখেও ছিটকে দূরে পালানোর চিন্তা করি, তাহলে আমাকে নিশ্চয় আপনারা কেউ দোষ দিতে পারবেন না। বলতে কি, পরবর্তী বেশ কয়েক বছর আমার সেভাবেই কাটলো। ততোদিনে জায়গা পরিবর্তন হয়েছে, আমিও বেশ অনেকটা বড় এবং দায়িত্বশীল হয়ে উঠেছি। এবং একসময় এটাও বুঝতে শিখেছি যে গরু মাত্রেই গোয়ার না, যদিও সবজায়গাতেই কিছু গোয়ারগোবিন্দ মর্কট থাকেই। এদের বাদ দিলে বাকী বেশিরভাগ গরুই নিরীহ গোবেচারা প্রাণী। তবে কাছে ঘেষতে দেয়ার আগে তাদের চোখ ও মুখের হাসি হাসি ভাব গভীরভাবে পর্যবেক্ষণ করে বুঝে নিতে হয় যে এই বিশেষ অস্তিত্ত্বটি ঠিক কোন গোত্রে পড়ে।

বেশ অনেকদিন পরের কথা। আমি তখন ক্লাস টু কি থ্রি-তে পড়ি। বাসার কাছেই এক মুদির দোকানের সামনে দাঁড়িয়ে লজেন্স বা তেমন কিছু একটা কেনার পায়তারা করছি। এমন সময় তাকিয়ে দেখি রাস্তা দিয়ে একপাল গরু বেশ নাদুসনুদুসভাবে হেলেদুলে এদিকেই আসছে। এদের দলপতিটি যেমন লম্বাচওড়া, তেমনই চোখা লম্বা লম্বা শিং। বেশ রাজকীয় ভাব তার, হাটার ভঙ্গিতে পর্যন্ত যেন তার ব্যক্তিত্ব এবং মর্যাদা উপচে পড়ছে। তাই সচেতনভাবে পর্যবেক্ষন শেষে তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়েই যেন সিদ্ধান্ত নিলাম যে এই গরু কোনমতেই দায়িত্বজ্ঞানহীন উগ্র কেউ হতে পারে না। তাই একে ভয় পাওয়ারও কিছু নেই। বরং সে পাশ দিয়ে যাওয়ার সময় তার মর্যাদাকে সম্মান দেখানোর জন্যেই আমি আমার সবচেয়ে সুন্দর বিনয়ী হাসিটা তাকে উপহার দিলাম। কিন্তু হাসি বন্ধ হবার আগেই ঠক করে কি যেন একটা এসে আমার দাঁতে বাড়ি লাগলো। এবং ব্যপারটা কি হলো টের পেতে পেতেই দেখি যে গরুরাজ আমার মাথার সামনে থেকে তার শিং সরিয়ে যেন কিছুই হয়নি এমন একটা ভাব করে গুরুগম্ভীর ভঙ্গিতে আবার আগের মতোই গদাইলস্করী চালে হাটতে লাগলো নিজ গন্তব্যে। এ যেন গরুজাতির প্রতি আমার সম্মানকে তুচ্ছতাচ্ছিল্যই করা হলো। তবে এর দুঃখটা ঠিকমতো অনুভব করতে পারার আগেই আশেপাশের সব লোক এসে আমাকে ঘিরে দাড়ালো। অনেকটা তাদের আগ্রহেই ক্ষয়ক্ষতির হিসাব করতে গিয়ে দেখি যে গুতা খেয়ে আমার সামনের একটা দাঁত বেশ ভালভাবেই নড়ে গেছে। ভাগ্যিস তখন আমার বয়সটাই ছিলো দাঁত পড়ার বয়স। কিছুদিনের মধ্যেই তাই শুধু ঐ দাঁতই না, অন্য আরও অনেক দাঁতই পড়ে আবার নতুন করে গজিয়েছিলো।

তো এই হলো অবস্থা। আমি বুঝতে পারলাম যে আমার হিসাব দিয়ে গরুজাতি তাদের নিজেদের হিসাব করে না। করলে অবশ্য তাদের সম্মানই বৃদ্ধি পেতো। কিন্তু তারা যেন মানবপ্রদত্ত সম্মানকে তুচ্ছজ্ঞান করবে বলেই প্রতিজ্ঞা করে রেখেছে। কি আর করা, আমিও তাই যাবতীয় হিসাব নির্বিশেষে গরুজাতির সকলের কাছ থেকেই নিরাপদ দূরত্ব বজায় রেখে চলা শুরু করলাম।

আরও বছরখানেক পরের কথা। স্কুল শেষে বাজার থেকে হালকা কিছু বাজার করে একদিন আমরা দুই ভাই বাসার উদ্দেশ্যে হাটছি। আমার বড় ভাই অবশ্য এমন অনাকাংক্ষিতভাবে হাটতে বাধ্য হওয়ায় আমার উপরে মহা বিরক্ত। বাজারের টাকা বাঁচিয়ে তার সাথে রিকশাভাড়া যোগ করে আমি কেন অনর্থক ছোট একটা তাল কিনতে গেলাম, সেটাই তার রাগের মূল কারণ। অতএব বড় ভাই হিসাবে বাজারের ব্যগ তাকেই হাতে বহন করতে হলেও তালটা কোনমতেই তার হাতে গছাতে পারলাম না। ইতিমধ্যে বাসার প্রায় কাছাকাছি পৌছে গেছি। এমন সময় হঠাৎ সামনে তাকিয়ে দেখি এক রাখাল এক গরু নিয়ে এদিকেই হেটে আসছে। ব্যস, আর যায় কোথায়! ডানে বামে না দেখেই ভাইয়ের নিষেধ অমান্য করে আমি জোর হাটা দিলাম রাস্তা ক্রস করে উলটাপাশে যাওয়ার জন্যে। ভাগ্যিস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তখন এখনকার মতো এতো গাড়িঘোড়ার ভীড় ছিলো না। তারপরেও কিছু বুঝার আগেই টের পেলাম পায়ে যেন কিসের সাথে প্রচন্ড বাড়ি খেলাম, এবং পর মূহুর্তেই শুন্যে দশহাত উপরে ডিগবাজী খেয়ে পাশের এক সাইডরোডে ধপ্পাস করে আছড়ে পড়লাম। অবশ শরীরে ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখতে লাগলাম যে হাত থেকে তালটা ছিটকে রাস্তার পাশ দিয়ে গড়িয়ে নিচে নর্দমার দিকে নেমে যাচ্ছে। এতো সখের একটা তাল, সেটা এভাবে নর্দমায় পড়ে যাচ্ছে, এই দুঃখটাই বুকের ভিতর বাজতে লাগলো প্রচন্ডভাবে। কিন্তু না, গড়াতে গড়াতে মাঝপথেই তালটা থেমে গেলো। ইতিমধ্যে আমাকে আঘাত করা হোন্ডাটাও থেমে দাঁড়িয়েছে। আমি হাত-পা ঝেড়ে খোঁড়াতে খোঁড়াতে গিয়ে কোনমতে তালটা নিয়ে রাস্তায় ফিরে আসলাম। হোন্ডার আরোহী তো প্রচন্ডভাবে আমাকে এক বকা দিলো, যে এই বয়সেই এভাবে আমি মরতে চাই নাকি। কিন্তু তার কথার কি জবাব দেবো? আরোহীর পিছনে প্রায় আমার সমান বয়েসী ফ্রকপড়া এক মেয়ে বসে চোখ বড় বড় করে আমার দিকেই তাকিয়ে আছে। একটা মেয়ের সামনে আমার এমন লজ্জাস্কর একটা ঘটনা ঘটলো, অনেকটা সেই লজ্জাতেই যেন আমি নির্বাক হয়ে রইলাম। আমার বড় ভাইও নির্বাক হয়ে আমার দিয়ে তাকিয়ে আছে। আর হা করে আমার পা দেখছে। যাই হোক বাসায় ফেরার পথে ভাইকে বললাম যে বাসায় যেন এই ঘটনা কাউকে না বলে ও। তখনও টের পাইনি আশেপাশের সব লোকই কেন আমার পায়ের দিকে এমন হা করে তাকাচ্ছে।

বাসায় ঢুকেই সোজা দৌড় দিলাম বাথরুমের দিকে। যতো জলদি শরীরের ময়লয়া ধুয়ে সাফ করে ভদ্রবেশ ধারণ করা যায়, ততোই নিরাপদ আমি। কিন্তু তার আগেই আম্মার চিৎকার শুরু হয়ে গেলো যে মেঝেতে এত্তো রক্ত কেন, কার কি হয়েছে। এবং আমি ধরা পরে গেলাম। তখন পর্যন্ত অবশ্য সুস্থই ছিলাম বলা যায়। আম্মা কি দেখে এত্ত প্রলাপ-বিলাপ শুরু করেছে তা বুঝার জন্যে আমার পায়ের দিকে ভালমতো তাকিয়েই শেষে চরম ধাক্কাটা খেলাম। এক পায়ের হাটুর মাঝে বড় একটা গর্ত হয়ে আছে, আরেক পায়ের গোছার অনেকটা জুরে কোন চামড়া-মাংস নেই!

অতঃপর আমাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি, এবং স্কুল ফেলে পরবর্তী বেশ কয়েক সপ্তাহ আরামেই ঘরে শুয়ে বসে কাটিয়ে দেয়া। এজন্যেই মনে হয় বলে যে প্রত্যেক খারাপ ঘটনারও কিছু ভাল দিক থাকে। কারন এভাবে স্কুল ফাঁকি দিতে পেরে সেই মূহুর্তে এক্সিডেন্টের প্রতি আমি বরং বেশ কিছুটা কৃতজ্ঞই ছিলাম বলা যায়। আর কিছুটা কৃতজ্ঞতা বোধ হয় গরু জাতির প্রতিও এসে গিয়েছিলো।

Currently rated 4.0 by 1 people

  • Currently 4/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5


Amar Goyenda Dol


clock October 8, 2007 09:30 by author Pallab

আমার গোয়েন্দা দল

শুরুতেই বলে রাখি। আমি কিন্তু ছোটবেলা থেকেই খুব নিরীহ টাইপের ছেলে। দুঃখের বিষয় যে কেউ সেটা তখন ঠিকমতো বুঝতে পারতো না। তাই এখনি বলে রাখছি, আমার এই লেখা পরে আবার আপনিও আমাকে যেন ভুল বুঝবেন না।


আমার ক্লাস সিক্স-এর কথা। থাকি মুন্সিগঞ্জের অফিসার্স কোয়ার্টারে। সবে তিন গোয়েন্দা পড়া শুরু করেছি। বুঝতেই পারছেন, মাথায় তখন সবসময়ই একটা গোয়েন্দা গোয়েন্দা ভাব ঘুরঘুর করতো। তো আমাদের কোয়ার্টারের কিছু পিচ্চি এবং আমার কয়েকজন ক্রিয়েটিভ ক্লাসমেট নিয়ে তৈরী করে ফেললাম এক গোয়েন্দা দল। ডিকশনারী খুঁজে অনেক কষ্টে একটা নামও বের করলাম - BRIEF BOLDERS (ব্রিফ = ক্ষুদে, বোল্ডারস = সাহসী)।


এবার শুরু হলো এই ক্ষুদে সাহসীদের ট্রেনিংয়ের পালা। কোয়ার্টারের পাশেই বড় এক পুকুর কাটা হচ্ছিলো তখন। তাতে কোন পানি নেই, কিন্তু নিচে নামার বেশ সুন্দর রাস্তামতো আছে। প্রায় প্রতিদিনই আমরা দল বেঁধে সেই পুকুরে নেমে যেতাম। তারপর চলতো তার দেয়াল বেয়ে মাটি কামড়ে-খামচে আমাদের উপরে উঠার আপ্রাণ প্রচেষ্টা। এটা হচ্ছে আমাদের পাহাড়ে চড়ার ট্রেনিং। এই ট্রেনিং শেষে যখন একেক পিচ্চি বাসায় ফিরতো সারা গায়ে কাঁদামাটি মেখে, বুঝেন তখন তাদের কি অবস্থাই না হতো নির্বোধ অভিভাবকদের পাল্লায় পড়ে। কিন্তু তারপরেও একনিষ্ঠভাবে চলতে লাগলো আমাদের ট্রেনিং পর্ব। আমি তো আমাদের এই গোয়েন্দা দলের ভবিষ্যত সম্পর্কে পুরো নিশ্চিত। ভবিষ্যত অতীব উজ্জ্বল।


এদিকে আমার বড় ভাইয়ের কথা হচ্ছে বন্দুক-পিস্তল ছাড়া কখনোই গোয়েন্দা হওয়া যায় না। চোর-ডাকাতের সাথে তো আর খালি হাতে যুদ্ধ করা সম্ভব না। এছাড়া বড় বড় সব গোয়েন্দারই নাকি এসব থাকে। তবে চিন্তা নেই, সে যেহেতু দয়া করে আমাদের দলে থাকতে রাজি হয়েছেই, এসব তৈরী করার দায়িত্বও সে খুশি মনেই নেবে। যদিও আমি বন্দুক-পিস্তলের ঘোর বিরোধী, কিন্তু দলের অনেকেই দেখলাম আমার মতো শুধু বুদ্ধির উপরে ভরসা করতে খুব একটা রাজি না। (তবে সেটা কি তাদের নিজেদের বুদ্ধি, নাকি আমার, অনেক চিন্তা ভাবনা করেও তার সঠিক কোন উত্তর পাইনি)। আমার ভাইটা আবার ছোট বেলা থেকেই বিশিষ্ট বিজ্ঞানী হিসাবে গুণীমহলে ব্যপক সমাদৃত। গবেষনার স্বার্থে সে ভেঙ্গে নষ্ট করেনি এমন ইলেক্ট্রনিক যন্ত্রপাতি আমাদের বাসায় খুব কমই ছিলো। তাই তার বিরোধিতা করে তাকে দলছাড়া করাটাও আমার কাছে খুব একটা বুদ্ধিমানের কাজ বলে মনে হলো না। অতএব চলতে লাগলো আমাদের বিভিন্ন ট্রেনিং পর্ব, আগের মতোই।


এক সময় শুরু হলো আমাদের দড়ি বেয়ে উঠানামা করার ট্রেনিং। লম্বা দড়ি কিনে এনে তাতে কয়েক ফুট পরপরই গিঁঠ দিলাম অনেকগুলো। আর আমার ভাই এক টুকরো লোহা বাঁকিয়ে আংটা বানিয়ে লাগিয়ে দিলো সেই দড়ির এক মাথায়। দড়ি রেডি। এবার দড়ি ট্রেনিংয়ের জন্যে বেছে নিলাম আমাদের বিল্ডিংয়ের উপরে সিড়িঘরের ছাদ। ঢিল দিয়ে দড়ির আংটা আটকানো হলো সিড়িঘরের ছাদের কার্নিশে। তারপর একেকজন লাটিমের মতো বনবন করে ঘুরতে ঘুরতে উপরে উঠার চেষ্টা করতে লাগলাম সেই দড়ি বেয়ে। কিছুদিনের মধ্যেই দেখা গেলো আমরা বেশ কয়েকজন ওই দড়ি বেয়ে উঠানামায় এমনই পারদর্শী হয়ে উঠলাম যে তা দেখে হয়তো কোন বাঁদরও লজ্জা পেতে পারতো। বলতে পারেন শুধু এই দক্ষতাটাকে কোন একটা কাজে লাগানোর উদ্দেশ্যেই আমাদের হেডকোয়ার্টার হিসাবে সিড়িঘরের ছোট ওই ছাদটাকেই বেছে নিলাম। এছাড়া সেখানে উঠার অন্য কোন রাস্তা না থাকায় শত্রুপক্ষের কারও পক্ষেও লুকিয়ে আমাদের গোপনীয় মিটিংয়ে কানপাতা সম্ভব না। এই যুক্তি খন্ডাতে না পেরে বাধ্য হয়ে আমার সাথে দলের আরও অনেকেরই কষ্ট করে হলেও উঠতে হতো ওই ছাদে।


প্রতিদিন দুপুরের কাঠফাটা রোদ মাথায় করে কিছু পিচ্চি বাচ্চাকে ওই ছাদের উপরে বসে থাকতে দেখে আশেপাশের বিল্ডিংয়ের অনেকেই হয়তো অবাক হতেন। অবাক হতো আমাদের দলের এক্কেবারে পিচ্চিগুলোও, যারা তখনো ঠিকমতো এই অসাধ্য কাজটা রপ্ত করতে পারেনি। নিচ থেকে হা করে তাকিয়ে তারা আমাদের দেখতো। তাই যেন একটু দয়ার বশবর্তী হয়েই সেই পিচ্চিগুলোকে দড়ি ট্রেনিং দেয়া শুরু করলাম আরও জোরেসোরে। আর তা করতে গিয়েই একদিন ঘটলো বিপত্তি।


আমাদের দলে দুধভাত হিসাবে ক্লাশ টু-তে পড়া আমার ছোট ভাই ছিলো। পাশের এপার্টমেন্টের এ.এস.পি. আংকেলের ছেলে শাওনও ছিলো একই ক্লাশের। তো একদিন অনেক উতসাহ উদ্দীপনা দিয়ে এই পিচ্চিকে দড়ি বেয়ে তুলে দিলাম ছাদে। কিন্তু পিচ্চি তো উঠেছে ঠিকই, এখন আর নামতে পারে না। উলটো আমাদের এই সাফল্য উদযাপনের মাঝখানে শুরু করলো বেরসিকের মতো কান্না। ছাদের উপর থেকে নিচের দিকে তাকিয়ে নাকি তার কলজে খাঁচাছাড়া অবস্থা। তার কান্নার মাঝখান থেকে যতোটুকু কথা উদ্ধার করতে পারলাম তা হচ্ছে, সে নাকি আর কখনোই নিচে নামতে পারবে না। সারাজীবন নাকি তার এখন এই ছাদের উপরই কাটাতে হবে। তাকে যতোই বুঝানোর চেষ্টা করি যে সারা জীবন না, আমাদের মতো বড় হয়ে গেলেই সে নিচে নেমে আসতে পারবে, কোনমতেই তার কান্না আর থামে না। তাকে বুঝালাম যে খাবারদাবার নাহয় আমরা এনে নিয়মিত দিয়ে যাব এখানেই। কিন্তু প্রবলেম হলো টয়লেট করবে কোথায়, আর বৃষ্টি এলে কি করবে। এর খুব ভাল কোন সমাধান আমরা দিতে পারলাম না। অতংপর এই পিচ্চির চিতকার চেচামেচিতে কয়েক ঘন্টা পর তার এক মামা এসে এই কঠিন অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে গেলো তাকে। আর সেই সাথে আমাদের যে কঠিন এক চাহনি দিয়ে গেলো তা কোনমতেই আমাদের মতো কোমলমতী উদ্ভাবনী চিন্তাশক্তির অধিকারী কারো জন্যে উপযুক্ত ছিলো না।


যাক, এরপর কি হলো তা নাহয় বিস্তারিত আর না-ই বললাম। তবে আর যাই হোক, সেটা আমাদের গোয়েন্দা দলের সুনামের জন্যে কোন দিক দিয়েই শুভ কিছু ছিলো না। তখন থেকেই বলতে গেলে আমাদের প্রকাশ্য সব কর্মকান্ড বন্ধ করে পুরো আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হলো। না, আমাকে ধরে মুরুব্বী মহল থেকে ধোলাই-টোলাই কিছু দেয়া হয়নি। তবে কয়েকমাস ধরে কোয়ার্টারের মহিলা মহলে চলতে লাগলো আমাকে নিয়ে মিটিং-সিটিংয়ের নিত্য চর্চা। আর তাতে যে কেউ আমাকে নিয়ে আর যাই হোক ভাল কিছু বলেনি সেকথা বলাই বাহুল্য।


তাহলেই ভাবুন একবার, আমার মতো এক ক্রিয়েটিভ ছেলের কর্মকান্ড থেকে দেশ ও জাতিকে বঞ্চিত করার কতোরকম ষঢ়যন্ত্রই না চলে এসেছে আমার সেই ছোটবেলা থেকেই। তবে তাই বলে আমি যেমন থেমে থাকিনি, আমার কর্মকান্ডও এগিয়ে চলেছে নিত্য নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন ধারায়। সেসব ঘটনাও সুযোগ পেলে হয়তো কখনো আপনাদের বলবো এখানে।

Be the first to rate this post

  • Currently 0/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5


Borkha Shomachar


clock September 18, 2007 11:22 by author Pallab

বোরখা সমাচার

ব্যবসা করিবার মহান পরিকল্পনা মাথায় লইয়া চাকরী ছাড়িয়া কেবল ঘরে আসিয়া গ্যাঁট হইয়া বসিয়াছি। ব্যবসা মানে যদিও ব্যক্তিগতভাবে মক্কেলদিগের সফটওয়ার কিংবা ওয়েব সাইট তৈরী করিয়া দেয়া, তথাপি দিনের বেশিরভাগ সময় একতলায় আমাদের কম্পিউটার ক্লাবে বসিয়া ব্যবসার নামে বন্ধুদের লইয়া আড্ডায় দিন পার করাই আমার প্রধান কর্ম হইয়া দাড়াইল। তবে ক্লাবে শুধু আড্ডা বা কম্পিউটার গেমই খেলা হইত না, পাশাপাশি কিছু শিক্ষক রাখিয়া কম্পিউটার কোচিংয়েরও ব্যবস্থা রাখিয়াছিলাম এলাকাবাসীর কম্পিউটারজ্ঞান উন্নত করিবার নিমিত্তে।


তো সেইদিন একা একাই ক্লাবের অফিসরুমে বসিয়া মাছি তাড়াইতেছিলাম। এমন সময় পাশের বাসার পুঁচকে ছোঁড়া জুয়েল আসিয়া গুলগুলা চেহারা লইয়া উঁকি দিলো। উহার ফাজিল ফাজিল ভাব দেখিয়াই নিশ্চিত হইয়া গেলাম যে এই ত্যাদোঁড় এখন কম্পিউটারে গেম খেলিবার জন্যে আমাকে ফুসলাইবার চেষ্টা তদবির করিবে। অতএব আমিও ভাব ধরিয়া একটু ঘুরিয়া বসিলাম। হেহ হে, কম্পিউটার খেলিবা ভাল কথা, তাই বলিয়া চাহিবামাত্রই টুপ করিয়া হাতে আসিয়া পড়িবে এখনও ইহা এতোটা সহজলভ্য হয় নাই। কিন্তু ছোকড়া আসিয়া কিছুক্ষণের মধ্যেই আমার যুক্তিজ্ঞানকে তুচ্ছ প্রমানিত করিয়া দিয়া আরজি পেশ করিল যে, তাহাদের এক এলাকাবাসী খালা আসিয়াছেন তাহাদের বাসায় বেড়াইতে। তো এই খালা নাকি তাহার কন্যাকে আমাদের ক্লাবে কম্পিউটার কোচিংয়ে ভর্তি করাইতে আগ্রহী। এবং এই ব্যপারে তিনি ক্লাবে আসিয়া আমার সহিত বিস্তারিত আলাপ করিতে চান। আহা! নতুন মক্কেলের আগমন!! কি সৌভাগ্য কি সৌভাগ্য!!! এইবার আমি নিজে গুলগুলা হইয়া চেয়ারে পিঠ সোজা করিয়া বসিলাম। বলিলাম, শিঘ্রই খালাকে ক্লাবে লইয়া আস।


জুয়েল নিষ্ক্রান্ত হইয়া যাইতেই আমি ত্বরিত্ চেয়ার-টেবিল ঝারপোছ করিয়া ঠিক করিয়া সাজাইলাম। অতঃপর চেহারার মধ্যে বেশ প্রফেশনাল ব্যবসায়ীর একখানা ভাব ফুটাইয়া তুলিবার চেষ্টা করিতে করিতে খালার আগমনের অপেক্ষা করিতে লাগিলাম।


কিছুক্ষণের মধ্যেই জুয়েলের পিছনে পিছনে খালা আগমন করিলেন। আপাদমস্তক খয়েরী বোরখা এবং নেকাবে আবৃত বেশ হৃষ্টপুষ্ট গোলগাল সাইজের এক মহিলাকে খালা হিসাবে আবিষ্কার করিয়া আমিও সশ্রদ্ধ ভঙ্গিতে দাড়াইয়া সালাম দিয়া উঁনাকে ক্লাবে স্বাগতম জানাইলাম। খালা ইশারায় সালামের উত্তর দিয়া জ্বলজ্বলে চক্ষু লইয়া হেলিয়া দুলিয়া আসিয়া চেয়ারে বসিলেন। আমি যখন জানিতে চাহিলাম যে উঁনি তাহার কন্যাকে এইখানে ভর্তি করাইতে আগ্রহী কিনা, উঁনি কেবল 'হু' করিয়া একখানা শব্দের সহিত মাথা ঝাকাইয়া সায় দিলেন। আমি বুঝিলাম, বড়ই পরদানশীল মহিলা, তাই আমার ন্যায় পরপুরুষের সহিত কথা বলিতেও তিনি লজ্জা বোধ করিতেছেন বোধ হয়। অতএব আমি একাই বকবক করিয়া আমাদের ক্লাবের বহুবিধ কম্পিউটার কোর্স এবং উহাদের গুনাগুন বৃত্তান্ত করিতে লাগিলাম। খালা কেবল মাথা ঝাকাইয়া সায় দেন আর তাহার সহিত হু হা করিয়া শব্দ করেন। লেকচার প্রদান করিতে করিতে খালার চোখের দিকে তাকাইয়া কি যেন একটা মনে পরি পরি করিয়াও পরিতেছিল না।


যাই হোক, অতকিছুতে মনযোগ দেয়ার সময় কোথায়! বরং কম্পিউটার এবং আমাদের কর্মকান্ডের উপরে বহুবিধ জ্বালাময়ী বক্তব্য রাখিবার পরে আমি যখন পুরাপুরি নিশ্চিত হইয়া গেলাম যে মক্কেল বাগাইয়া ফেলিয়াছি, তখন খালাকে জিজ্ঞাসা করিলাম আমাদের বিশিষ্ট কোর্সগুলার ঠিক কোনটাতে তিনি তাহার কন্যাকে ভর্তি করাইতে চান। এতক্ষণ খালা চুপচাপ আমার লেকচারে মনোনিবেশ করিবার চেষ্টা করিতে থাকিলেও এইবার তিনি আর আপনাকে সামলাইতে পারিলেন না। হাসির দমকে কাপিতে কাপিতে তিনি বোরখার অবগুন্ঠন খুলিয়া ফেলিলেন। জুয়েল তো হাসিতে হাসিতে মাটিতেই গড়াগড়ি খাইতে লাগিল। আমি ঠাশকি খাইয়া হা করিয়া কিছুক্ষন ফ্যালফ্যাল নয়নে খালার(!) দিকে তাকাইয়া থাকিলাম। অতঃপর মস্তিষ্ক সচল হইতে আমিও তাহাদের সহিত দমকা হাসির হুল্লোরে যোগদান করিয়া হাসিতে হাসিতে চক্ষু দিয়া পানি পর্যন্ত নিঃস্বরিত করিয়া ফেলিলাম। আয়হায়, শেষমেশ এও ছিল আমার কপালে!?!


কিসের কোর্স, কিসের কি! ক্লাবে তালা ঝুলাইয়া আমরা তিনজন হাসিতে হাসিতেই জুয়েলদের বাসায় গিয়া হাজির হইলাম। সেইখানে অপেক্ষারত জুয়েলের মা এবং ভাই-বোন সকলেই অপারেশন সাকসেসফুল হইয়াছে শুনিয়া হাসিতে গড়াগড়ি যাইতে লাগিল। আমিও নিজের বোকামীর কথা ভাবিতে ভাবিতে তাহাদের সহিত তাল মিলাইয়া হাসিতে লাগিলাম। শত হইলেও নিজের মাতৃদেবীকে অপরিচিত খালা ভাবিয়া পনের মিনিট লেকচার দিয়া ফেলিয়াছি, এমন ঘটনা তো জীবনে বারবার ঘটিবে না!


পর্দার আড়ালের ঘটনা হইতেছে এই রকম। আমার মাতৃদেবী জুয়েলদের বাসায় বেড়াইতে গিয়া তাহার আম্মার কেনা নতুন বোরখাখানা দেখিতে দেখিতে সখ করিয়া পরিধান করিয়াছিলেন। অতঃপর আয়নার সামনে দাড়াইয়া যখন তিনি নিজেকে দেখিয়াই আর চিনিতে পারিলেন না, তখনই আমাকে বিভ্রান্ত করিবার এই কূটবুদ্ধিখানা উঁনার মস্তিষ্কে উদ্ভাসিত হইল। (ইহা নিশ্চিত যে আমার মস্তিষ্কের দুষ্টবুদ্ধিগুলার ৫০ ভাগই আমার মাতৃজননীর কাছ হইতে আমদানীকৃত)। কিছুক্ষণের মধ্যেই করণীয় ঠিক করিয়া তিনি জুয়েলকে ক্লাবে পাঠাইয়া দিলেন। এবং পরবর্তী ঘটনা তো ইতিপূর্বে