Pallab's Site
Md Ashfaqur Rahman Pallab
Home
AboutExpand About
Blog
ServicesExpand Services
Albums
Guestbook
Contact

Jibon Shagor


clock February 21, 2009 17:24 by author Pallab

জীবন সাগর


জীবন নামের অথৈ সাগরে
ভেসে যায় মোর ভেলা,
সময় স্রোতের টানে ছুটে চলি
অজানায় সারা বেলা।
পাল তুলে হাতে হাল ধরি জোরে
বুক কাঁপে থরোথরো,
বেলা শেষ তবু জানি না কুলের
কতো পথ বাকী আরও।
যতদূর দেখি জলরাশি শুধু
ঢেউ খেলে চারিধারে,
ছলোছলো তার সুর জেন আরো
বাড়ায় নীরবতারে।
একেলা ভেলায় ভেসে খুঁজে ফিরি
স্বপ্নের কুলরেখা,
জানি না কোথায় চলা শেষ হবে
ঠিকানার পাবো দেখা।



Bhabini Kokhono


clock August 7, 2008 05:37 by author Pallab

ভাবিনি কখনো

ছেঁড়া তানপুরা অবহেলে থাকে
ধুলোয় ধূসর ঢাকা,
ভাবিনি কতো যে সুর তার আজও
সে ধুলোয় ঢেকে রাখা।
ভোরের যে পাখি থামায় কাকলী
দিবসের আগমনে,
ভাবিনি সে পাখি নতুন প্রভাতও
আবার মাতাবে গানে।
যে ফুল সুবাসে মন কেড়ে নেয়
তাও দেখি ঝরে পড়ে,
ভাবিনি কখনো তার শোভা মনে
থেকে যায় চিরতরে।
ধরণী আলোয় ভাসায় যে রবি
আঁধারে হারাই তাকে,
ভাবিনি কখনো চাঁদের হাসি যে
আঁধারেই ছবি আঁকে।
দেখেছি সে সবই দৃষ্টি ভরে যে
দিয়েছে ধরা যা কাছে,
দেখিনি তারও যে কতো রূপ আরও
আড়ালে লুকিয়ে আছে।
দু'চোখে খুঁজেছি রূপ চারিধারে,
খুঁজিনি দু'চোখ বুঁজে,
আজ যেন তাই দু'চোখ বুঁজেই
চলি সে রূপের খোঁজে।



Taal Haranor Bela


clock June 23, 2008 04:47 by author Pallab

তাল হারানোর বেলা 

আজ সব তাল হারানোর বেলা,
অস্তরাগের রক্ত রবি
আঁধারেতে আঁকলো ছবি,
ভাঙ্গলো বুঝি রঙ মাতানোর খেলা।

ডুবলো তবে আলোর রেখা,
সব হারিয়ে নিঃস্ব একা
অর্থবিহীন শুন্যে দু'চোখ মেলা,
আজ সব সুখ হারানোর বেলা।

আজ সব নীরবতায় ঢাকা,
দূরে তবু  করুণ সুরে
দুঃখী কি সুর বেড়ায় ঘুরে,
সাথী তার বিদীর্ণ তরু শাখা।

সঙ্কুচিত সময় থেমে
থমকে থাকে ছবির ফ্রেমে,
শত বর্ষের গ্লানির ধুলোয় ঢাকা,
আজ সব স্থিরতায় আঁকা।

আজ সব শুন্য হবার পালা,
অগ্নিদাহীর মগ্ন সাজে
নিঃশেষিত ছাইয়ের মাঝে
মিটুক তবে সব দহনের জ্বালা।

রুদ্র রোষের ঘূর্ণি শেষে
হাল হারানো ছিন্ন বেশে
পরাজয়েই মিলুক জয়ের মালা,
আজ সব ভেঙ্গে গড়ার পালা।



Chopol Dhara


clock May 21, 2008 06:37 by author Pallab

চপল ধারা

আলো ছায়ার চলছে খেলা
আমার মাঝেই রাত্রি দিনে,
মেঘলা মনে হঠাত্‌ করেই
রোদ হেসে যায় কি আনমনে।
দুষ্ট হাসির ঝিলিক মেরেই
ফুটাই চোখে বিষাদ তারা,
আমি এক বাঁধনহারা মুক্তধারা
স্রোতস্বিনীর চপল ধারা।

ঝরনা ধারায় নেচে বেড়াই
থমকে থাকি পাখির নীড়ে,
জোয়ার এলেই দু'কূল ভাসাই
আবার ডুবে যাই গভীরে।
ঢেউয়ের তালে ছন্দ গেঁথেই
ছন্দ হারায় যে ভাবনারা,
আমি এক ছন্নছাড়া লাগামহারা
সুপ্ত মনের বন্য ধারা।

হাওয়ায় ভেসে বেড়াই ঘুরে
আবার গুটাই মনের পাখা,
দু'চোখ ভরে শ্রাবণ এলেও
দৃষ্টি থাকে স্বপ্নে ঢাকা।
সর্বগ্রাসী তুফান এলেই
নৃত্যে মাতি পাগলপারা,
আমি এক হিসেবছাড়া বল্গাহারা
দমকা হাওয়ার ফল্গুধারা।



Ma Tor Mukher Bhasha


clock February 21, 2008 03:24 by author Pallab

মা তোর মুখের ভাষা

 

মাগো তোর মুখের ভাষায় বলছি মনের কথা,
ঐ দেখ তোর ভাষাতেই সূর্য হাসে
তোর ভাষাতেই জোছনা ভাসে,
প্রাণের সকল কথাই মাগো তোর ভাষাতে গাঁথা,
মা তোর মুখের ভাষায় খুঁজে বেড়াই
প্রাণের আকুলতা।

কি মধুর তোর কথা মা, কেমনে বুঝাই বল?
এ বুলি যতোই শুনি তোর বুলি মা প্রাণে যে দেয় দোল,
এ ভাষায় পরশ বুলায় মা তোর গায়ের সুগন্ধী আঁচল।
তোরে মা কেমনে বুঝাই বল?

মাগো তোর মুখের ভাষা কাড়বে কে বল মোরে?
কে আঘাত করবে মা বল তোরে।
যতো তোর বিদ্রোহী সব দামাল ছেলের দল
আছে মা, ভয় কিসে তোর বল।

এ দেহে থাকতে মা প্রাণ চিন্তা যে নাই তোর,
ডেকে দেখ, সকল বাঁধার বাঁধন টুটে
তোর কাছে মা আসবো ছুটে,
আঘাতে আনবো দেখিস ক্ষুব্ধ তুমুল ঝড়।
ছেলে তোর রুদ্র মাগো, ভীষণ ভয়ংকর।

মা তোর চিন্তা কোন নাই,
আমি তোর দামাল ছেলে, তোর চরণে
একটু মা দিস ঠাঁই।