Pallab's Site
Md Ashfaqur Rahman Pallab
Home
AboutExpand About
Blog
ServicesExpand Services
Albums
Guestbook
Contact

Shikto Bhalobasha


clock February 21, 2009 17:28 by author Pallab

সিক্ত ভালবাসা 


আমার ভালবাসা সখী পর্বত নয়
যতই আঘাত হানো রইবে অটল,
আমার ভালবাসা সখী পেলব তরল
সুধা সঞ্চিত করে রাখা জলাশয়।

আঘাতের ঢেউ খেলে উপরেই তার
অন্তরে সুশীতল গভীর অতল,
বাহিরে যতোই বয়ে যাক ঝড়-জল
হৃদয়ে অনন্ত প্রেমের জোয়ার।

আমার ভালবাসা সখী বৃষ্টি ধারায়
তিলে তিলে করে তার প্রাণ সঞ্চয়,
ভালবাসা জলাশয় সিক্ত হৃদয়
সীমানা ছাড়িয়ে তার প্রসার বাড়ায়।

মিষ্টি কথার কোন প্রলোভনে নয়,
আমার ভালবাসা সখী চোখের তারায়,
চোখের আড়ালে তা যতোই হারায়
মনের গোপনে রয়ে যায় অক্ষয়।

আমার ভালবাসা সখী তরল আকার
হাতের মুঠোয় তাকে ধরে রাখা দায়,
পাওয়া না পাওয়ার কোন হিসেব খাতায়
খুঁজতে যেয়ো না একে প্রেয়সী আমার।



Jibon Shagor


clock February 21, 2009 17:24 by author Pallab

জীবন সাগর


জীবন নামের অথৈ সাগরে
ভেসে যায় মোর ভেলা,
সময় স্রোতের টানে ছুটে চলি
অজানায় সারা বেলা।
পাল তুলে হাতে হাল ধরি জোরে
বুক কাঁপে থরোথরো,
বেলা শেষ তবু জানি না কুলের
কতো পথ বাকী আরও।
যতদূর দেখি জলরাশি শুধু
ঢেউ খেলে চারিধারে,
ছলোছলো তার সুর জেন আরো
বাড়ায় নীরবতারে।
একেলা ভেলায় ভেসে খুঁজে ফিরি
স্বপ্নের কুলরেখা,
জানি না কোথায় চলা শেষ হবে
ঠিকানার পাবো দেখা।



Dushshopno


clock February 11, 2009 10:44 by author Pallab

দুঃস্বপ্ন


ঘোর কৃষ্ণ রাত। পরিবেশ একেবারে নিথর, নিশ্চুপ। গ্রাম্য মাটির এক অপ্রশস্ত রাস্তায় দাড়িয়ে আছি আমি, একা। চারদিক অন্ধকারে আচ্ছন্ন। রাস্তা থেকে এক শাখা রাস্তা চলে গেছে বাম দিকে। সেই রাস্তা ধরে থেমে থেমে এগিয়ে চলেছি আমি। মনে সন্দেহ, এবং অদ্ভুত এক অস্বস্তি। রাস্তাটা কিছুদূর গিয়েই সামনে শেষ হয়েছে। শেষ প্রান্তে অন্ধকারের পটভূমিতে আরও কাল রঙের ঝোপঝাড়ের আভাস টের পাওয়া যাচ্ছে। তার ওপাশে অনেক বড় একটা বিল আছে টের পেলাম। রাস্তার দু'পাশেও ছাড়া ছাড়া ঢোলকলমীর ঝোপ রাস্তার উপরে হেলে আছে। অনেকদিনের অব্যাবহৃত পথ। কিছুদূর এগিয়েই থেমে দাড়ালাম আমি। তিক্ষ্ণ দৃষ্টি পথের শেষ প্রান্তে। বুঝার চেষ্টা করছি সেখানে কি আছে যা আমাকে আকর্ষন করছে। মন চাচ্ছে না আরও এগিয়ে যাই, কিন্তু তারপরও অদ্ভূত ভীতিকর সেই আকর্ষনে আরও কয়েক পা সামনে গিয়ে থেমে দাড়ালাম। এবার রাস্তার শেষ মাথা অনেকটা পরিস্কার দেখা যাচ্ছে। ঝোপ ঝাড়ের ফাঁক দিয়ে রাস্তা বরাবর সেখানে এবার বাঁশের তৈরী অতি পুরানো এক টয়লেট আবিস্কার করলাম, যা বাঁশের খুঁটির সাহায্যে বিলের উপর অবস্থিত। রাস্তাটা এই টয়লেটে যাবার জন্যেই ব্যবহৃত হতো। কিন্তু টয়লেট না, টয়লেটের বেড়ার দরজার বামদিকে ঝোপের অন্ধকারের মধ্যে আমার দৃষ্টি স্থির। আমি ছাড়াও আশেপাশে আমি অন্য কনো প্রাণের অস্তিত্ব টের পাচ্ছি যা ধীরে ধীরে আমার চেতনার উপর প্রভাব বিস্তার করছে। সামনে কাল অন্ধকারে তার চেয়েও কাল অতি লম্বা এক মানুষের আকৃতি পরিস্কারভাবে ফুটে উঠছে এবার আমার দৃষ্টিতে। একেবারে স্থির হয়ে আছে তা, মূর্তির মতো। পা থেকে মাথা পর্যন্ত কাল কাপড়ে ঢাকা। মুখের জায়গাও কাল অন্ধকার। বুঝতে পারলাম এই অস্তিত্বই আমাকে এখানে টেনে এনেছে। টের পাচ্ছি আমার মনের উপর অন্ধকার ও ভীতিকর এক জোরালো দখল। দৃষ্টি আরও তিক্ষ্ণ হলো। কালো ঘোমটার আরও ভিতরে দেখার চেষ্টায় ব্যস্ত। এবং ধীরে ধীরে সেখানে ফুটে উঠলো হলদেটে স্থির একজোড়া জ্বলন্ত চোখ। স্থির জীবন্ত দৃষ্টিতে তা আমার দিকে তাকিয়ে আছে। বিশাল ক্ষমতাধর ভীতিকর সেই অস্তিত্বের অনুভূতিতে প্রচন্ড আতঙ্ক গ্রাস করে নিলো আমাকে। সেই ক্ষমতার বিরুদ্ধে কিছু করার তুলনায় অতি ক্ষুদ্র আমি, কালো অন্ধকারের জগতে আমার অস্তিত্ব বিলীন হয়ে যেতে লাগলো তার আকর্ষনে।

প্রচন্ড আতঙ্ক নিয়ে ঘুম থেকে জেগে উঠলাম আমি শেষ রাতে। স্বভাবতঃই বাকী রাতটুকু আর ঠিকমতো ঘুমাতে পারিনি আমি একা সেই রুমে। এমনই জীবন্ত বাস্তব সেই আতঙ্ক যে তারপরও আরও বেশ কয়েকদিন আমি তা স্পষ্ট অনুভব করেছি। চোখ বন্ধ করলেই চখের সামনে ভেসে উঠেছে সেই অবয়ব, মৃত্যুর স্থিরতায় হলদেটে একজোড়া জীবন্ত চোখ। অনুভব করেছি অন্ধকার ভিন্ন এক জগতের আগ্রাসী আকর্ষন।

এখনও প্রায়ই অন্ধকার সেই জগতের অস্তিত্ব ও আকর্ষন টের পাই আমি। সেই সাথে স্বপ্নীল সুন্দর ভিন্ন কোন জগতের হাতছানিও যেন অনুভব করি কখনো কখনো, কিন্তু কল্পনায় স্পষ্ট ফুটিয়ে তুলতে পারি না তা কখনো। আমাদের বাস্তব জগত যেন এই দুই জগতের মিলনস্থল। আমাদের প্রতিটি কাজই যেন নিয়ন্ত্রিত হচ্ছে এদের কোন না কোন একটার আকর্ষনে। হয় আমরা এগিয়ে যাচ্ছি বন্দিত্বের সেই অন্ধকার জগতের দিকে, নয়তো স্বপ্নের এক মুক্ত জগতের দিকে। কিন্তু আমরা কি তা অনুভব করতে পেরেছি ঠিকমতো? নিজেকে মুক্ত করতে পেরেছি আমাদের মনের এক এক বন্দীত্ব থেকে?



Roopkotha


clock February 7, 2009 08:01 by author Pallab

রূপকথা


ইচ্ছে আমার ইচ্ছেমতো
কল্পকথার জাল বুঁনে,
মন যেন তার স্বপ্নগুলো
সত্য হবার দিন গুনে।
ভোরের আলো সজীবতার
নতুন রঙে মন রাঙায়,
ভাবনা আমার ভীড়ায় তরী
স্বপ্নলোকের কোন ডাঙ্গায়।
মেঘের ফাঁকে আলোর খেলা
ভাল লাগার নেই মানা,
বন্দী আমি জগতটাতে
মুক্ত তবুও মনখানা।
সুর যা আছে খুঁজে বেড়াই
তাই দিয়ে মোর গান গাঁথা,
আজ জেনো যেই ফুল ফুটেছে
কাল হবে তাই রূপকথা।



Bidayi Hajj-er Bani


clock February 3, 2009 09:21 by author Pallab

বিদায়ী হজ্জের বাণী

"হে জনগন, আমার কথা মনযোগ দিয়ে শুনো, কেননা আমি জানি না এ বছরের পর তোমাদের মাঝে আমি আরও বেশিদিন থাকবো কিনা। সুতরাং আমি যা বলি তা খুবই সতর্কতার সাথে শুনো এবং যারা আজ এখানে উপস্থিত নেই তাদের কাছে এই বাণী পৌছে দিও।"

"হে জনগন! তোমরা যেমন এই মাস, এই দিন এবং এই শহরকে পবিত্র বলে গণ্য করো, একইভাবে প্রতিটি মুসলিমের জীবন এবং সম্পত্তিকেও পবিত্র বিশ্বস্ততার সাথে বিবেচনা করবে। তোমাদের কাছে অর্পিত মালামাল তাদের সঠিক মালিকের কাছে হস্তান্তর করবে। কাউকে আঘাত করো না, যেন (পরিণামে) তুমিও আঘাতপ্রাপ্ত না হউ। মনে রেখ তুমি অবশ্যই তোমার প্রতিপালকের সামনে উপস্থিত হবে, এবং তিনি তোমার কর্মফলের জবাবদিহি করবেন।"

"আল্লাহ তোমাদের জন্যে সুদ নেয়া নিষিদ্ধ করে দিয়েছেন, অতএব এখন থেকে প্রত্যেকের সুদের দায়বদ্ধতা মওকুফ করে দেয়া হলো। তবে তোমাদের মূলধন তোমাদেরই। তোমরা না কোন অসমতা বিধান করবে, না তা মেনে নেবে।..."

"শয়তান থেকে সাবধান থেকো, তোমাদের নিজের ধর্মের নিরাপত্তার জন্যে। সে তোমাদের বড় কোন বিষয়ে ধবংসের পথে পরিচালিত করার আশা ছেড়ে দিয়েছে, তাই ছোট বিষয়গুলোর ক্ষেত্রে তাকে অনুসরণের ব্যপারে সাবধান থেকো।"

"হে জনগন, এটা সত্য যে তোমাদের স্ত্রীদের উপর তোমাদের নির্দিষ্ট অধিকার রয়েছে, কিন্তু তাদেরও তেমনি তোমাদের উপর অধিকার রয়েছে। মনে রেখ তোমরা তাদের স্ত্রীরূপে গ্রহণ করেছো একমাত্র আল্লাহর উপর বিশ্বাস এবং তাঁর অনুমতির ভিত্তিতে। তারা যদি তোমাদের অধিকার মেনে চলে, তবে তাদেরও অধিকার রয়েছে তোমাদের পক্ষ থেকে নম্রতার সাথে তাদের খাদ্য এবং বস্ত্র সংস্থানের। তোমাদের স্ত্রীদের সাথে ভাল আচরণ করো এবং বিনম্র হও, যেহেতু তারা তোমাদের অংশীদার এবং বিশ্বস্ত সহকারী। এবং তোমাদের অধিকার এই যে তারা কারও সাথে বন্ধুত্ব করবে না যে ক্ষেত্রে তোমরা অনুমোদন না দাও, সেই সাথে কখনোই অন্য কারও সাথে অবৈধ যৌন সম্পর্ক নিষিদ্ধ তো বটেই।"

"হে জনগন, আমার কথা নিশ্চিতরূপে শুন, আল্লাহর ইবাদত করো, প্রাত্যহিক তোমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, রমজান মাসে রোজা রাখো, এবং তোমাদের সম্পত্তি থেকে যাকাত দান করো। হজ্জ্ব আদায় করো যদি তোমাদের সামর্থ্য থাকে।"

"সমগ্র মানবজাতি আদম এবং হাওয়া থেকে সৃষ্ট, কোন আরবীয়ের প্রাধান্য অনারবীয়ের উপর বেশি না, না বেশি কোন অনারবীয়ের প্রাধান্য কোন আরবীয়ের উপর; তেমনি একজন শেতাঙ্গের প্রাধান্যও একজন কৃষ্ণাঙ্গের বেশি না যেমন একজন কৃষ্ণাঙ্গের প্রাধান্য বেশি না কোন শেতাঙ্গের উপর, একমাত্র তাদের ধর্মপরায়ণতা এবং ভাল কাজ ব্যতীত। জেনে রাখো যে প্রত্যেক মুসলমান প্রত্যেক মুসলমানের ভাই এবং সকল মুসলমান একক ভার্তৃত্ত্ব বন্ধনে আবদ্ধ। একজন মুসলমানের অধিকার নেই কোনকিছুর উপরই যা অপর কোন মুসলমানের সম্পত্তি, যদি না তা স্বাধীন এবং ইচ্ছাকৃতভাবে প্রদান করা হয়ে থাকে। সুতরাং (এভাবে) নিজের প্রতি অবিচার করো না।"

"মনে রেখো, একদিন তুমি আল্লাহর সামনে উপস্থিত হবে এবং তোমার কৃতকর্মের জবাবদিহিতা করতে হবে। অতএব সাবধান, আমার প্রয়াণের পর সত্যের পথ থেকে বিচ্যুত হয়ো না।"

"হে জনগন, আমার পরে আর কোন নবী বা রাসুল আসবেন না এবং নতুন কোন (সত্য ধর্মের) বিশ্বাসের জন্ম হবে না। সুতরাং ভালমতো বিবেচনা করো, হে জনগন, এবং অনুধাবন করো যেসব কথা আমি তোমাদের কাছে বর্ণনা করছি তা। আমি আমার পিছনে দু'টো জিনিস রেখে যাচ্ছি, ক্বোরান এবং আমার সুন্নাহের দৃষ্টান্তসমূহ, এবং তোমরা যদি এসবের অনুসরণ করো তবে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না।"

"যারা আমার কথা শুনছো তারা সবাই আমার কথাগুলো অন্যদের কাছে পৌছে দেবে এবং তারাও যেন আবার তা অন্যের কাছে পৌছে দেয়; এবং তোমরা যারা আমার কথা সামনাসামনি শুনছো তাদের থেকে হয়তো শেষের ব্যক্তিরা আমার কথার অর্থ আরও ভালভাবে বুঝতে পারবে। আমার সাক্ষী থাকুন, হে আল্লাহ, যে আমি আপনার বার্তা আপনার বান্দাদের কাছে (ঠিকমতো) পৌছে দিয়েছি।"



মহানবী মুহম্মদ (সঃ)-এর বিদায়ী হজ্জ্বের বাণী অনলাইনে ইংরেজীতে অনেক সাইটে থাকলেও বাংলায় একসাথে কোথাও খুঁজে পেলাম না। তাই নিজের চেষ্টাতেই বিভিন্ন সাইট ঘেঁটে বিশ্বস্ততা যাঁচাই করে একে ইংরেজী থেকে বাংলায় অনুবাদ করে পোষ্ট করলাম। অনুবাদের ক্ষেত্রে শব্দের যাথার্থ অর্থ বজায় রাখার চেষ্টা থাকলেও আমার ক্ষুদ্র ভাষাজ্ঞানের বদৌলতে হয়তো এদিক সেদিক একটু হেরফের হয়ে থাকতে পারে। এছাড়া মূল ভাবার্থ ঠিক রাখতে কোথাও কোথাও শাব্দিক রূপেরও কিছু সংযোজন বিয়োজন করা হয়েছে।

ইংরেজী লিংকসমূহঃ
http://www.islamfortoday.com/lastsermon.htm
http://www.islamicity.com/Mosque/lastserm.HTM
http://www.fordham.edu/halsall/source/muhm-sermon.html
http://www.themodernreligion.com/prophet/prophet_lastsermon.htm