
August 13, 2008 10:22 by
Pallab
কবিতা
কবিতা মোর স্বপ্ন নীরব মনের
হাজার স্মৃতির রঙ দিয়ে তাই আঁকি,
হয়তো খুঁজি আন্মনা এক ক্ষণের
এই আমাকে আমায় দিয়ে ফাঁকি।
সকালের ওই মিষ্টি রোদের হাসি
পাই খুঁজে তায় এই জীবনের মানে,
জগতটাকে যতোই ভালবাসি
রূপ যেন তার আমায় শুধুই টানে।
নদীর জলে কোথায় ভেসে যাওয়া
পাল তুলে এক নৌকা দূরের পটে,
গাছের পাতা দুলিয়ে মৃদু হাওয়া
তার পিছু ধায় মুগ্ধ অকপটে।
আমি বসে নদীর তটে একা
রঙের আচঁড় টানি মনের পাতায়,
যা দেখিনি চোখ বুঁজে তাও দেখা
তার আলাপন ছন্দে ভরি খাতায়।
কবিতা মোর না বলা সব কথা
দুঃখ-সুখের সকল অনুভূতি,
কল্পনারই গল্প দিয়ে গাঁথা
অনাগতা হয়তো কারো প্রতি।
0d6dc4c6-092f-45ab-b513-33b810fbec68|3|4.7

August 7, 2008 05:37 by
Pallab
ভাবিনি কখনো
ছেঁড়া তানপুরা অবহেলে থাকে
ধুলোয় ধূসর ঢাকা,
ভাবিনি কতো যে সুর তার আজও
সে ধুলোয় ঢেকে রাখা।
ভোরের যে পাখি থামায় কাকলী
দিবসের আগমনে,
ভাবিনি সে পাখি নতুন প্রভাতও
আবার মাতাবে গানে।
যে ফুল সুবাসে মন কেড়ে নেয়
তাও দেখি ঝরে পড়ে,
ভাবিনি কখনো তার শোভা মনে
থেকে যায় চিরতরে।
ধরণী আলোয় ভাসায় যে রবি
আঁধারে হারাই তাকে,
ভাবিনি কখনো চাঁদের হাসি যে
আঁধারেই ছবি আঁকে।
দেখেছি সে সবই দৃষ্টি ভরে যে
দিয়েছে ধরা যা কাছে,
দেখিনি তারও যে কতো রূপ আরও
আড়ালে লুকিয়ে আছে।
দু'চোখে খুঁজেছি রূপ চারিধারে,
খুঁজিনি দু'চোখ বুঁজে,
আজ যেন তাই দু'চোখ বুঁজেই
চলি সে রূপের খোঁজে।
6d52580a-15b7-4bc2-a150-c91781777497|2|5.0